ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক, অনলাইন জুয়া, সাইবার বুলিং, বাল্যবিবাহ, চুরি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ভূরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

সভায় জেলা পুলিশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ, সাইবার বুলিং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা শেষে ভূরুঙ্গামারী উপজেলায় অপরাধ দমনে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাদক, অনলাইন জুয়া, সাইবার বুলিং, বাল্যবিবাহ, চুরি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কুড়িগ্রাম জেলা পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা।

পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়।

Share With