ভূরুঙ্গামারীতে উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সমন্বিত করার লক্ষ্যে উপজেলা এনজিও বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার  আয়োজন করে উপজেলা প্রশাসন ভূরুঙ্গামারী কুড়িগ্ৰাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।

সভায় উপজেলার বিভিন্ন এনজিওর কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, সেবামূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা  সমাজসেবা কর্মকর্তা শামছুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, অপরাজেয় বাংলাদেশ এনজিও  উপজেলা কো-অডিনেটর মোছাঃ মোমেনা খাতুন, ব্রাক এর এরিয়া ম্যানেজার হরিশ চন্দ্র , আর ডি আরএস, শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল রহমান, মহিদেব ফিল্ড  সুপারভাইজার শফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন,দৈনিক সকালের সময় পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি এস. এম. মহিবুল নঈম সিমন, উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম সহ অন্যান্যরা। সভায় গত মাসে বিভিন্ন এনজিওর বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা করা হয়। 

পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ ,নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এনজিওগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে এনজিওগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি সকল এনজিওকে সরকারি নীতিমালা অনুসরণ করে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা, নিয়মিত তথ্য প্রদান এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান। সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Share With