কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম, রেজিস্টারপত্র, অস্ত্রাগার, ব্যারাকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। পরে তিনি থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন।
এ সময় থানায় সেবাপ্রত্যাশীদের দ্রুত ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদার এবং চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
এ ছাড়া অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন তিনি।
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের জনবান্ধব আচরণ ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।