রমজানকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি

পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরিকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি জেলার সদর উপজেলা মডেল মসজিদ এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, ইমাম, আলেম-ওলামা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে হিংসা-বিদ্বেষ পরিহার করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব বলেও মন্তব্য করেন বক্তারা।

বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি জানান, রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল, ইফতার বিতরণ এবং ধর্মীয় প্রশিক্ষণ কর্মসূচি।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজানকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।

Share With