রাজারহাটে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, প্রতিবাদ কর্মসূচির ডাক শিক্ষার্থীদের

কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।

অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়িত এমন অভিযোগ তুলে শিক্ষার্থীদের পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত একটি গ্রুপে দেওয়া বার্তায় এ তথ্য জানা গেছে। 

বার্তায় বলা হয়, দ্বাদশ শ্রেণির ভর্তি ফি আদায়সহ অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভর্তি ফি’র স্বচ্ছ হিসাব, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

আগামীকাল রবিবার (২৩ আগস্ট) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে এ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এতে কলেজের সাধারণ শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, অধ্যক্ষ স্যার কলেজে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার করে আসছেন। এসব কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। এর প্রতিবাদেই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছি৷  এর সুষ্ঠু তদন্ত না হলে পরবর্তীতে আরও বৃহৎ কর্মসূচির গ্রহণ করা হবে বলে জানায় তারা । 

তবে অধ্যক্ষ জহুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

Share With