বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর নিজ জেলা কুড়িগ্রামে আনন্দ-উল্লাস বয়ে যাচ্ছে। খবর ছড়িয়ে পড়ার পরপরই তাৎক্ষণিক শহরে মিষ্টি বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
বৃহস্পতিবার রাতে শহরের কলেজ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় স্থানীয় সাধারণ পথচারী, দিনমজুর, রিকশাচালক ও ছাত্র-জনতার মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়।
মিষ্টি বিতরণকালে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ শুধু কুড়িগ্রামের সন্তান বা আঞ্চলিক নেতা নন, তিনি সারা দেশের সর্বস্তরের মানুষের প্রিয় ও আস্থার নেতা।”
অধ্যাপক বেবু আরও বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও দেশের জন্য তাঁর যে অসামান্য ত্যাগ, সততা ও একনিষ্ঠ আনুগত্য রয়েছে, পুরো জাতি তা শ্রদ্ধাভরে স্মরণ করে। রাজনৈতিক চড়াই-উতরাইয়ের মাঝেও রাজপথে তাঁর অবদান অতুলনীয়। এই ত্যাগের যথাযথ মূল্যায়ন করে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, তা গণতান্ত্রিক রাজনীতির এক অনন্য ও উজ্জ্বল উদাহরণ।”