রৌমারীতে জমি বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

কুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এতে উভয়পক্ষের আশুরা খাতুন (৪০), তাহমিনা (৩০), রাজা মিয়া (৫৯), মজুন মিয়া (৫৫), সামছু মিয়া (৪৫), আবুল হাশেম (৫৫), আব্দুস সবুর (৪০), আনারুল হক (৩৫), নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে আশঙ্কাজনক আবুল হাশেম, আব্দুস সবুর, আশুরা ও মজনু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিরোধপূর্ণ ওই জমিতে ইসরাফিলের পক্ষের লোকজন ট্রাক্টর দিয়ে চাষাবাদ করছিল। এ সময় রাজা মিয়ার পক্ষের লোকজন জমিতে প্রবেশ করে হালচাষে বাধা দেয়। এতে উভয়েপক্ষের বাগবিতণ্ডতা হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ইউনিয়নের মধ্য ইছাকুড়ি গ্রামের ইসরাফিল হকের সঙ্গে একই গ্রামের রাজা মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৪০ বছর ধরে ৩ একর ৮৪ শতাংশ জমি নিয়ে বিরোধ ছিল তাদের। এ নিয়ে উভয়পক্ষের কয়েক দফা মারামারির ঘটনা ঘটে। আদালত ও থানায় পালটাপালটি কয়েকটি মামলা রয়েছে দুপক্ষের।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নবীউল ইসলাম জানান, নারী ও পুরুষসহ আটজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মালিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share With