রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ মো. জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার চর ইটালুকান্দা এলাকায় জাকির হোসেনের শয়নকক্ষে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। রৌমারী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহানুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে সাক্ষীদের উপস্থিতিতে জাকির হোসেনের শয়নকক্ষ থেকে ৬১ বোতল Officer’s Choice, ৩৫ বোতল McDowell’s, ১৫ বোতল AC Black ও ৩৫ বোতল Officer’s Choice Blue ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা মদের মোট পরিমাণ ১৪৬ বোতল।

গ্রেপ্তার জাকির হোসেন রৌমারী উপজেলার চর ইটালুকান্দা গ্রামের মো. সবুর আলীর ছেলে।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share With