কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার চুলিয়ার চর এলাকায় এ অভিযান পরিচালনা করে রৌমারী থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুলিয়ার চর এলাকার বাবু মিয়া (৩৫) ও মতলেব (৪০)।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চুলিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, রৌমারী থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ২ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একই সময়ে জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন জুয়ার আসর থেকে ২৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে রৌমারী থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।