শীতের দাপটে কাহিল কুড়িগ্রাম, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস

কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে তীব্র শীত। তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। গত টানা আট দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার চাদরে চারদিক ঢেকে থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সারাদিন সূর্য মেঘে ঢাকা থাকায় কনকনে ঠান্ডা আরও বেড়েছে।

তীব্র শীত ও হিমেল বাতাসের কারণে কৃষিশ্রমিকরা মাঠে কাজ করতে পারছেন না। ফলে কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঠান্ডা ও ঘন কুয়াশার প্রভাবে বোরো ধানের বীজতলায় লালচে রং ধারণ করেছে, যা কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা। কাজে যেতে না পারায় তারা পড়েছেন চরম বিপাকে।

এ ছাড়া হিমেল বাতাসে শীতের কবলে পড়েছে জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীর তীরবর্তী চার শতাধিক চর ও দ্বীপচরের হতদরিদ্র মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে এসব এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

Share With