গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) দুপুরে নাগেশ্বরী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস চঞ্চলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, এনসিপির আহ্বায়ক হাফিজুর রহমান খান জুয়েল, বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জিন্নু, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, উপজেরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনজু, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান মিম প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য একটি স্বার্থান্বেষী মহল সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে সাংবাদিকরা যখন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে লিখেন, তখন সেই মহল এসব অনিয়ম ঢাকতে হামলা, গুম, খুন, মিথ্যা মামলা ও নানা হয়রানির পথ বেছে নেয়।
সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিক সমাজকে স্তব্ধ করে দিতে বারবার প্রাণনাশ, মামলা ও হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। এর মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার পেশাগত নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। এ সময় তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধ, সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।