‘সুরের আগুন ছড়িয়ে দাও সবখানে’—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে শ্রাবণ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় প্রচ্ছদ মিলনায়তনে গান ও সুরের মাধ্যমে অনুষ্ঠিত হয় এ শ্রাবণ সন্ধ্যা।
শুরুতেই বক্তব্য রাখেন—ভাওয়াইয়া শিল্পী ও সংগঠক ভূবতি ভূষণ বর্মা, সাম্প্রতিক কুড়িগ্রামের সভাপতি ও সংগীতশিল্পী শামসুল ইসলাম সুমন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজ টুটুল, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি সুব্রত রায়, সাংস্কৃতিক সংগঠক শাহানুর রহমান, অপু রায়, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি শ্যামল ভৌমিক, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার, সাবেক সভাপতি দুলাল বসু, সাবেক সাধারণ সম্পাদক নাট্যকার হেলাল জাহাঙ্গীরসহ অনেকে।
পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, সংগীত, ভাওয়াইয়া সংগীত এবং আধুনিক গানের সমন্বয়ে মনোজ্ঞ আলেখ্যানুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগীতশিল্পী শ্যামলী ভৌমিক। ধারা বর্ণনায় ছিলেন অঙ্কিতা বকশী।