ঢাকার সাভারে নির্মমভাবে নিহত কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র সারুফ রানা রাসেলের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সহপাঠী, স্বজন ও সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা। নিহত সারুফ রানা রাসেল অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
মানববন্ধনে নিহতের চাচাতো ভাই সোহেল রানা, সহপাঠী সাগর আহমেদ, আবু জোবায়ের, মেফতাহুল ইসলাম, হেলালসহ আরও অনেকে বক্তব্য দেন। তারা বলেন, “ঘটনার এক সপ্তাহ পার হলেও এখনো হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি, যা আমাদের গভীর উদ্বেগ ও ক্ষোভের কারণ।” বক্তারা অবিলম্বে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে ঢাকার সাভারের ব্যাংক টাউন ও উলাইল ব্রিজের নিচে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন সারুফ রানা রাসেল। পড়াশোনার পাশাপাশি তিনি ঢাকায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। ঘটনার পর সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ২৮৩৪) করা হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কুড়িগ্রামের পুলিশ সুপারের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।