উত্তরের জনপদ কুড়িগ্রামে কৃষি হচ্ছে প্রধান জীবিকা। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা বলছেন, সারের দাম বেড়ে যাওয়া, কীটনাশকের মূল্য বৃদ্ধি এবং ফসলের ন্যায্য বাজারমূল্য না পাওয়ায় তাদের জীবনযাত্রা সংকটাপন্ন হচ্ছে।
পাঁচগাছী ইউনিয়নের সামছুল আলম জানান, ধান উৎপাদনের খরচ উঠানোই বড় চ্যালেঞ্জ। সারের দাম বাড়লে তারা দিশেহারা হয়ে যান, আবার ফসল বিক্রি করলেও ভালো দাম পান না। একই এলাকার সাদু মিয়া দাবি করেন, তারা শুধু ন্যায্য মূল্য এবং সহজে কৃষিঋণ পাওয়ার সুযোগ চান।
সদরের যাত্রাপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন বলেন, এলাকার প্রায় ৮০ শতাংশ মানুষ সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। তাই নতুন সরকারের কাছে তাদের আশা, সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থা করা হোক এবং পূর্বের বকেয়া ঋণ মওকুফের কার্যকর উদ্যোগ নেওয়া হোক। এতে কৃষকরা স্বাবলম্বী হতে পারবেন এবং অঞ্চলটির অর্থনৈতিক চাকা আরও গতিশীল হবে।