সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার হিজড়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে বাঁশতলা সীমান্তের জিরো পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বালাকান্দি গ্রামের শুক্কুর আলীর ছেলে জাহেদুল ইসলাম (১৯), রৌমারী থানার সুখের বাতি গ্রামের ইউসুফ আলীর ছেলে রেজা আহমেদ (২০), কোতোয়ালী থানার মজিদা কলেজপাড়ার মো. কালামের মেয়ে মোসকান আক্তার (২০) এবং বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কুচমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রনি হাসান (২৫)।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বাঁশতলা বিওপি’র হাবিলদার কামাল সরদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে বুধবার সকালে আটককৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।