স্বতন্ত্র নার্সিং প্রশাসন রক্ষার দাবিতে কুড়িগ্রামে নার্সদের মানববন্ধন

স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা আড়াইটায় কুড়িগ্রাম সদর হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কুড়িগ্রাম জেলা শাখা, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) এবং সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (ডিজিএনএম)-এর যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন “সেবা পরিদপ্তর”কে ভিন্ন অধিদপ্তরের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নার্সিং খাতের স্বাধীনতা, মর্যাদা ও অগ্রগতির পথে বড় বাধা সৃষ্টি করবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ জহির রায়হান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাসিমা খাতুন। এতে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স মোঃ মাসুদ রানা, রোজিনা খাতুন, নার্সিং শিক্ষার্থী জাহিদ হাসানসহ অনেকে।

বক্তারা বলেন, “স্বতন্ত্র নার্সিং প্রশাসন গত ৪৮ বছর ধরে নার্সিং শিক্ষা, প্রশাসন ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই প্রশাসন বিলুপ্তির অপচেষ্টা নার্সিং পেশার মর্যাদা ক্ষুণ্ন করবে।”

তারা আরও বলেন, “অধিদপ্তর প্রতিষ্ঠার আট বছর ও বর্তমান সরকারের এক বছরের বেশি সময় পার হলেও নিয়োগবিধি, অর্গানোগ্রাম, ক্যারিয়ার পাথ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। এর মধ্যে এই একীভূতকরণের উদ্যোগ নার্সদের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে।”

মানববন্ধনে জেলার বিভিন্ন হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত নার্স, মিডওয়াইফ, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। বক্তারা স্বতন্ত্র নার্সিং প্রশাসনের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Share With