কুড়িগ্রামে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও বায়ুদূষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (১১ আগস্ট) বিকেলে জেলা সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শব্দদূষণের অপরাধে দুটি বাস ও দুটি ট্রাকের চালককে মোট ৪৫০০ টাকা জরিমানা আদায় এবং সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাখার কারণে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ অনুযায়ী এক ট্রাক্টরচালককে সতর্কতামূলক ১৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
জেলা প্রশাসন জানিয়েছে, শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রমের পাশাপাশি এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।