বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রতিনিধি পাঠাচ্ছে জামায়াতে ইসলামী

প্রথমবারের মতো জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ৩১) প্রতিনিধি পাঠাচ্ছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে অংশ নিতে তুরস্কে যাচ্ছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কে যাবেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। জলবায়ু সম্মেলনের বিভিন্ন সাইাড ইভেন্টে অংশ নেওয়া এবং বিভিন্ন দেশ থেকে আগত রাজনীতিবিদ ও কূটনৈতিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বাংলাদেশের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানিয়েছেন তিনি।

ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বাংলাভিশনকে বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ। প্রতিনিয়ত বন্যা, খরা, নদী/উপকূল ভাঙন, উচ্চ তাপমাত্রাসহ জলবায়ুজনিত নানান দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে। যা আমাদের জনগণকে সামাজিক, স্বাস্থ্যগত এবং অর্থনৈতিক নানান ক্ষতির মুখে ফেলছে। দেশের প্রধান বিরোধী দল হিসেবে জনগণের প্রতি দায়বদ্ধতার রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীরও। তাই জলবায়ুপিড়ীত জনগণের হয়ে কথা বলতে এবং জলবায়ুর ন্যায্য অর্থায়ন নিশ্চিতে ভূমিকা রাখতে এবারের জলবায়ু সম্মেলনে আমি অংশ নিচ্ছি।

তিনি আরও বলেন, বিরোধী দলের কাজ বিরোধীতার জন্য শুধু বিরোধীতা করা নয়, আমরা সরকারেরও সহায়ক। জলবায়ুর যে অভিঘাত আমাদের দেশে চলছে তার ভুক্তোভোগী সরকার-বিরোধীদল সবাই। তাই বাংলাদেশের জলবায়ু ন্যায্যতা নিশ্চিতই আমাদের এই সম্মেলনে অংশগ্রহণের মূল লক্ষ্য।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিবাসন বিশেষজ্ঞ এবং মানবাধিকার আইনজীবী। তিনি বর্তমানে দলের ফরেন অ্যাফেয়ার্স টিম (ইউরোপ) এর সদস্য এবং জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। পরিবেশ, জলবায়ু ও পানিসম্পদ বিষয়ে তার পূর্ব অসংখ্য কাজের অভিজ্ঞতা থাকায় তাকেই জলবায়ু সম্মেলনে অংশ নিতে পাঠিয়েছে দলটি।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *