কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ১৮টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি একটি পদে জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
ফলাফলে দেখা গেছে, সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত অ্যাডভোকেট তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছাড়া বিজয়ী হয়েছেন। ফলে ১৯ সদস্যের কমিটির সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১৮টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের নিয়ন্ত্রণ নিশ্চিত হলো।
ভোটের ফলাফলে সভাপতি পদে বিএনপি সমর্থিত ফখরুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত তাজুল ইসলাম পেয়েছেন ১২১ ভোট, আর বিএনপি সমর্থিত আবুল কাশেম পেয়েছেন ১১২ ভোট।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৪৯ জন। এর মধ্যে ২৪১ ভোট কাস্ট হয়েছে, ছয়টি ভোট বাতিল হয়েছে এবং দুটি ব্যালেটে সাধারণ সম্পাদক পদে ভোট দেওয়া হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, গত ৩১ আগস্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কার্যনির্বাহী কমিটির ১৭ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। বুধবারের ভোটে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।