কুড়িগ্রাম জেলার প্রতিটি মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দিতে চালু হয়েছে অভিনব মোবাইল অ্যাপ ‘Hello Kurigram’। প্রযুক্তি, ইতিহাস, ঐতিহ্য ও স্থানীয় মানুষের ভালোবাসার সমন্বয়ে তৈরি এই অ্যাপের লক্ষ্য—জেলার তথ্যপ্রবাহকে আরও সহজ, দ্রুত ও সবার জন্য উন্মুক্ত করা।
অ্যাপটিতে এক জায়গায় পাওয়া যাবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, রক্তদাতা, ডাক্তার, কৃষি সেবা, শিক্ষাপ্রতিষ্ঠান, দর্শনীয় স্থান, মনীষীদের জীবনকাহিনীসহ নানা ধরনের জরুরি ও দরকারি তথ্য। এছাড়া সরকারি-বেসরকারি সেবা, সামাজিক সংগঠন, বাজার, পর্যটন স্পট, পরিবহন সেবা, আইনজীবী, প্রেসক্লাব ও বিদ্যুৎসহ প্রায় সব ধরনের তথ্য রয়েছে এতে।
উদ্যোক্তারা জানিয়েছেন, অ্যাপটি সম্পূর্ণ বাংলায় এবং ব্যবহারবান্ধবভাবে তৈরি করা হয়েছে, যা অফলাইনেও কাজ করতে সক্ষম। শিক্ষার্থী, অভিভাবক, চাকরিপ্রার্থী কিংবা পর্যটক—সবার জন্যই এটি হতে পারে নির্ভরযোগ্য সহচর।
‘Hello Kurigram’ টিমের বিশ্বাস—তথ্যই শক্তি। তাই প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন সহজে সরকারি ও সামাজিক সেবা পায়, সে লক্ষ্যে গড়ে তোলা হয়েছে এই অ্যাপ।