লালমনিরহাট ও কুড়িগ্রামে শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা এবং তা বাস্তবায়নের কৌশল নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে শিল্পায়নের বিকল্প নেই বলে মতামত দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু । তিনি বলেন, উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া জেলাগুলোতে শিল্প স্থাপন করা গেলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি তার বক্তব্যে বলেন, স্থানীয় সম্পদ, কৃষিভিত্তিক উৎপাদন এবং মানবসম্পদকে কাজে লাগিয়ে টেকসই শিল্পায়ন সম্ভব। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগবান্ধব পরিবেশ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা জোরদার এবং উদ্যোক্তা তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলাকে শিল্পসমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করা সম্ভব হবে।

Share With