সমঝোতার কারণে কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা ইঞ্জি. আবু সাঈদের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দলীয় ও জাতীয় স্বার্থে রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তের আলোকে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন ইঞ্জি. মো. আবু সাঈদ (জনী)।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে ইঞ্জি. আবু সাঈদ উলিপুর উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, এনসিপি দেশের ও দলের বৃহত্তর স্বার্থে সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে বলেই তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ সিদ্ধান্তের জন্য তিনি সংশ্লিষ্ট এলাকার জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণার সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সুযোগ না পেলেও তিনি তার অবস্থান থেকে সবসময় সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।
এছাড়া নির্বাচনী প্রচারণায় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন—সেসব সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতেও তাদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সমঝোতার পর যিনি কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন, তার প্রতি শুভকামনা ও সমর্থন জানিয়ে ইঞ্জি. আবু সাঈদ বলেন, নতুন ধারার রাজনীতির বাংলাদেশ বিনির্মাণে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ইঞ্জি. মো. আবু সাঈদ (জনী) এনসিপির একজন সক্রিয় নেতা হিসেবে কুড়িগ্রাম-৩ আসনে আলোচনায় ছিলেন। তাঁর এ ঘোষণাকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share With