দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবেক এমপি সাইফুর রহমান রানাকে কারণ দর্শানোর নোটিশ

নাগেশ্বরী উপজেলা বিএনপিতে অভ্যন্তরীণ বিরোধ ও নেতৃত্ব সংকট ঘনীভূত হচ্ছে দিন দিন। সম্প্রতি একটি দিবস ঘিরে পৃথক কর্মসূচি পালনের ঘটনায় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। এই প্রেক্ষাপটে জেলা বিএনপি সাবেক সংসদ সদস্য ও জেলা কমিটির সদস্য সাইফুর রহমান রানাকে শোকজ নোটিশ দিয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়, ৭ এপ্রিল ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটির জন্য নির্ধারিত অফিস থাকা সত্ত্বেও সাইফুর রহমান রানা তার নিজ বাসভবনে পুরনো সাইনবোর্ড টাঙিয়ে রাখেন, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময় পার হয়ে গেলেও কোনো জবাব দেননি তিনি।

সাইফুর রহমান রানা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি জানান, তার বাসায় বর্তমানে কোনো দলীয় অফিস নেই। অতীতে দলীয় দুর্দিনে সাময়িক কার্যক্রম পরিচালিত হলেও বর্তমানে উপজেলা কমিটির নিজস্ব অফিস রয়েছে এবং সেখান থেকেই দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া তিনি বর্তমানে উপজেলা নয়, জেলা ও কেন্দ্রীয় বিএনপির রাজনীতিতে যুক্ত আছেন বলেও দাবি করেন।

৫ আগস্ট পৃথক অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, তাকে উপজেলা বিএনপি আমন্ত্রণ জানায়নি। ছাত্রদল ও যুবদলের আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে না।

অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা অভিযোগ করেন, সাইফুর রহমান রানা ব্যক্তি স্বার্থে দলকে বিভক্ত করছেন। তার বাসভবনে বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে পৃথক গ্রুপ গঠন করেছেন, যা দলীয় ঐক্যের পরিপন্থী।

তিনি আরও জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ৫ আগস্ট উপজেলা মুক্তমঞ্চে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রশাসনের অনুমতিও নেওয়া হয়েছিল। কিন্তু একই দিনে সাইফুর রহমান রানা তার বাসায় ভিন্ন কর্মসূচি পালন করেন, যা কেন্দ্রীয় সিদ্ধান্তের লঙ্ঘন।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না পাওয়ায় বিষয়টি জেলা কমিটির আলোচনায় এসেছে এবং তা কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Share With