ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি ২০২৫-এর জন্য নির্বাচিত হয়েছেন উলিপুর সরকারি কলেজের ছাত্রী মেধা সিংহ। দেশজুড়ে মনোনীত ৫৫০ জন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে তিনি উলিপুর সরকারি কলেজের একমাত্র শিক্ষার্থী।
এইচএসসি ২০২৩ (বিজ্ঞান) ব্যাচের মেধাবী ছাত্রী মেধা সিংহ দিল্লি বিশ্ববিদ্যালয়ে (QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩: ৩২৮তম) মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য পূর্ণ অর্থায়নে বৃত্তি পেয়েছেন। খবরটি পাওয়ার পর তিনি মা ও ছোট বোনকে নিয়ে কলেজে আসেন, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং মিষ্টি বিতরণ করেন।
মেধার মা বলেন—
“মেয়ের সাফল্যে আমি গর্বিত ও আবেগাপ্লুত। ছোটবেলা থেকেই ও পড়াশোনায় মনোযোগী ছিল। আর্থিকভাবে সবসময় স্বচ্ছল না থাকলেও আমরা চেষ্টা করেছি ওর স্বপ্ন পূরণের পথ মসৃণ করতে।”
প্রস্তুতি ও নির্বাচনের অভিজ্ঞতা জানিয়ে মেধা সিংহ বলেন—
“আইসিসিআর বৃত্তির জন্য আবেদন ও প্রস্তুতির সময় নানা চ্যালেঞ্জ ছিল। তবে পরিবার ও শিক্ষকদের সহায়তায় তা অতিক্রম করতে পেরেছি। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গবেষণায় যুক্ত হতে চাই। উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে মানুষের কল্যাণে কাজ করব।”
উলিপুর সরকারি কলেজের পক্ষ থেকে জানান—
“আজ মেধা আমাদের জন্য গর্বের। আমরা আশা করি, উচ্চশিক্ষা শেষে সে দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করবে।”
কলেজ শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলা হয়—
“মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ভালো মানুষ হও, বাবা-মায়ের মুখ উজ্জ্বল করো। তোমরা জিতলে জিতে যায় মা-বাবা, জিতে যায় শিক্ষকেরা।”
মেধা সিংহের এই অর্জন উলিপুর তথা কুড়িগ্রাম জেলার শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণার বার্তা হয়ে থাকবে।