কুড়িগ্রামের চিলমারী প্রান্তে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেতুতে শুক্রবার (২২ আগস্ট) মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুর বয়স সাত বছর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর পূর্বপ্রান্তে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ব্রিজ থেকে নামার সময় অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের পেছনে বসা সাত বছরের শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ চিকিৎসকের কাছে পাঠান।
শুক্রবার ছুটির দিন হওয়ায় ভাসানী সেতু এলাকায় পর্যটক ও স্থানীয় মানুষের ব্যাপক সমাগম ঘটে। দর্শনার্থীদের ভিড় ও মোটরসাইকেলের বেপরোয়া চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, সেতু এলাকায় মানুষের চাপ বেড়ে গেলেও যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। মোটরসাইকেল চালকরা বেপরোয়া গতিতে চলাচল করায় দূর্ঘটনার আশঙ্কা বাড়ছে।