কুড়িগ্রামে দারিদ্র্য বিমোচনে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ গঠিত

কুড়িগ্রামে চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে “কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ” গঠন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) দুপুরে জেলা পরিষদ হলরুমে এ পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। এতে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি ও স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. শাহাদত হোসেন, সাংবাদিক ইউনুছ আলী, মোখলেছুর রহমান ও আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক বাসেত সরকার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, শিক্ষক এনামুল হক প্রমুখ।

সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “কুড়িগ্রামের ৪৬৯টি চরে সাড়ে পাঁচ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে। এখানে প্রায় ৯২ হাজার ৬৭২ জন প্রতিবন্ধী, ৭০ দশমিক ৮ শতাংশ মানুষ দরিদ্র এবং ৫৩ দশমিক ৩ শতাংশ হতদরিদ্র। এ অঞ্চলের অনেক মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জানে না, সেদিন কী খাবে।”

তিনি আরও বলেন, “সারাদেশে ৪৪টি মন্ত্রণালয় থাকলেও চরাঞ্চলের উন্নয়নের জন্য আলাদা ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠন জরুরি। কুড়িগ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন আনতেই এ পরিষদ গঠন করা হয়েছে।”

সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, “কুড়িগ্রামের প্রতিটি সেক্টরে অনিয়ম, অবিচার ও দুর্নীতি রোধ করে জেলার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিষদের প্রধান লক্ষ্য হবে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা।”

নতুন এই পরিষদ স্থানীয় উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও চরাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

Share With