কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে ২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র। এ সময় তিনি প্রান্তিক কৃষকদের উদ্দেশ্যে বলেন, “মাসকলাই চাষ লাভজনক। সঠিকভাবে আবাদ করলে স্বল্প সময়ে ভালো ফলন পাওয়া সম্ভব। তবে প্রণোদনার বীজ ও সার বিক্রি না করে জমিতে ব্যবহার করতে হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। তিনি বলেন, পতিত জমিকে আবাদে আনলে একদিকে ফসল উৎপাদন বাড়বে, অন্যদিকে গ্রামীণ কৃষি অর্থনীতিও শক্তিশালী হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ। এ সময় উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তা, সুবিধাভোগী কৃষক ও সাংবাদিকবৃন্দ।
প্রণোদনার অংশ হিসেবে উপজেলার দশটি ইউনিয়নের প্রতিটি থেকে ২০ জন করে মোট ২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।