আজ ২২ সেপ্টেম্বর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। ২০২১ সালের এই দিনে আইনগত প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর থেকে উত্তরাঞ্চলের কৃষি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়টি অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
২০১৫ সালের ১৫ অক্টোবর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক জনসভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গাপীড়িত কুড়িগ্রাম জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ মন্ত্রিসভায় অনুমোদনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।
২০২১ সালের ১৫ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল পাস হওয়ার পর বিশ্ববিদ্যালয়টি কুড়িগ্রাম সদর উপজেলার টেক্সটাইল মিল প্রাঙ্গণে অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করে। স্থায়ী ক্যাম্পাসের জন্য সদর উপজেলার বেলগাছা ও মোগলবাসা ইউনিয়নের মধ্যবর্তী নালিয়া দোলায় স্থান নির্ধারণ করা হয়েছে।
উত্তরাঞ্চলের কৃষি খাতের উন্নয়ন, আধুনিক গবেষণা ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। পার্শ্ববর্তী জেলা গাইবান্ধা, লালমনিরহাট ও নীলফামারীর কৃষিজমির উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও কন্ট্রাক্ট ফার্মিং কার্যক্রমও এখান থেকে পরিচালিত হচ্ছে।
২০২২ সালের ২৬ এপ্রিল অধ্যাপক এ কে এম জাকির হোসেন প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম (২ ডিসেম্বর ২০২৪ থেকে)।
শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিতে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।