কুড়িগ্রামে ৯ মাস ধরে বন্ধ বিধবা ভাতা, দুশ্চিন্তায় গোলাপি বেগম

কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘ ৯ মাস ধরে বিধবা ভাতা থেকে বঞ্চিত রয়েছেন রানীগঞ্জ ইউনিয়নের চরুয়াপাড়া পাটোয়ারী এলাকার মোছা. গোলাপি বেগম। তিনি মৃত জেলাল উদ্দিনের স্ত্রী এবং ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে বিধবা ভাতা পেয়ে আসছিলেন।

ভুক্তভোগী গোলাপি বেগম জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে তার ভাতা বন্ধ রয়েছে, ফলে তিনি টানা তিন দফায় প্রায় সাড়ে চার হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছেন। “এই ভাতা দিয়েই কোনো রকমে চলতাম। এখন ভাতা বন্ধ থাকায় খুব কষ্টে আছি,” বলেন তিনি।

স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, সমাজসেবা অফিসে অনিয়ম ও ঘুষের বিনিময়ে প্রকৃত সুবিধাভোগীদের নাম বাদ দেওয়ার ঘটনা মাঝে মাঝে ঘটে থাকে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।

তিনি বলেন, “ওই মহিলা লাইভ ভেরিফিকেশনে উপস্থিত না থাকায় তার ভাতা সাময়িকভাবে বন্ধ ছিল। তিনি ইতোমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আগামী মাস থেকেই তিনি আবার নিয়মিত ভাতা পাবেন।”

গোলাপি বেগমের মতো অসংখ্য সুবিধাভোগীর অভিযোগ, যথাযথ তদারকি না থাকায় প্রকৃত উপকারভোগীরা মাঝে মাঝে এমন ভোগান্তির শিকার হন।

Share With