কুড়িগ্রামের রৌমারীতে জমি দখলের অভিযোগে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালাল সোহান ও সদস্য নাজমুল হোসেন টাইগারকে প্রাথমিকভাবে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, গত সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে যাদুরচর ইউনিয়নের কোমরভাঙী মধ্যপাড়া এলাকায় ১৬ শতক জমিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩০ বছর আগে ওই জমির আট শতক আয়নাল মিয়ার কাছে বিক্রি করেন মালিক আব্দুল কাদের। পরে আয়নাল মিয়া মারা গেলে তার ছেলে চাঁন মিয়া অবশিষ্ট আট শতক জমিও দখলে নিতে চেষ্টা করেন। এ সময় তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল সোহান, সদস্য নাজমুল হোসেন টাইগারসহ আরও কয়েকজনকে নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জেলা যুবদল সভাপতি রায়হান কবির বলেন, “দলীয় নেতাকর্মীরা যদি ব্যক্তিগত স্বার্থে এ ধরনের অনৈতিক কাজে জড়ান, তবে কাউকেই ছাড় দেওয়া হবে না। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমিজমা সংক্রান্ত হওয়ায় উভয় পক্ষকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”