দুধকুমর নদীর ভয়াবহ ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালীকাপুর গ্রামে দুধকুমর নদীর ভয়াবহ ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালিকাপুর নৌকা ঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে নুনখাওয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

স্থানীয়রা জানান, দুধকুমর নদীর ভয়াবহ ভাঙনে গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে নদীগর্ভে তলিয়ে যাবে জনবসতি এলাকাগুলো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নুনখাওয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব আব্দুল আলিম, সদস্য মো. শহিবুর রহমান সোহেল প্রমুখ।

বক্তারা দুধকুমর নদীর ভয়াবহ ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান এবং সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

তারা আরও বলেন, প্রতিবছর নদীভাঙনে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ছে। এখনই পদক্ষেপ না নিলে কালীকাপুরসহ আশপাশের গ্রামগুলোও বিলীন হয়ে যাবে।

Share With