কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরি আনিছুর রহমানের (৩৫) রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বিদ্যালয়ের সামনে শত শত নারী-পুরুষসহ নিহতের স্বজনরা এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী আরফাতুন নাহার, মা মোছা. রাহেলা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক, শিক্ষক আব্দুস সামাদ মিয়া, ব্যবসায়ী রফিকুল ইসলাম, বজলু মিয়া ও সুরুজ্জামান প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ২০ অক্টোবর থেকে আনিছুর রহমান নিখোঁজ ছিলেন। পরদিন ২১ অক্টোবর রংপুরে একটি গাছে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিকল্পিতভাবে তাকে রংপুরে নিয়ে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে নিহতের স্ত্রী আরফাতুন নাহার অভিযোগ করেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে রংপুরে নিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ও অফিস সহকারী জড়িত। আমি আমার স্বামীর হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের ফাঁসির দাবি জানাই।”
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবউল্লাহ বলেন, “ঘটনাস্থল রংপুর এলাকায় হওয়ায় সেখানে অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
স্থানীয়দের দাবি, রহস্যজনক এই মৃত্যুর পেছনে যেই দায়ী থাকুক না কেন, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।