জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিক্ষার্থী আল শাহরিয়ার খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
রবিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আল শাহরিয়ার খান বর্তমানে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থী কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। তিনি দৈনিক খোলা কাগজের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জবি শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগঠক, কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং জবি সমকাল সুহৃদ সমাবেশের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন।
জকসুকে কেন্দ্র করে ক্যাম্পাসে ইতোমধ্যে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। শিক্ষার্থীরা আশা করছেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, যাতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের সুযোগ তৈরি হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ভোট গণনা সম্পন্ন হবে। ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।