কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা কৃষি, শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং মাদকের ভয়াবহতা রোধের ওপর গুরুত্বারোপ করা করেন। নবনিযুক্ত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ভূরুঙ্গামারীর উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। কুড়িগ্রামের উন্নয়নকে বেগবান করতে সৎ ও চরিত্রবান নেতা নির্বাচনের আহ্বান জানান তিনি।নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন ডিসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের সঞ্চালনায় মতবিনিময় সভায় ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ খন্দকার সারওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক জাকী আলাউদ্দিন মণ্ডল, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, জামায়াতের নেতা আজিজুর রহমান সরকার স্বপন, ব্যবসায়ী কাজী গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান বক্তব্য রাখেন।
পরে নবনিযুক্ত জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে উপজেলা পরিষদ চত্বরে ওষুধি গাছের চারা রোপণ করেন। সবশেষে তিনি উপজেলার দুর্গম চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।