নাগেশ্বরীতে তিন ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবৈধভাবে মাটি সংগ্রহ ও ইট প্রস্তুত আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী।

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুসরণ না করে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া মাটি সংগ্রহের অভিযোগে তিন ভাটাকে পৃথকভাবে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা করা ভাটাগুলো হলো— মেসার্স এস আর বি ব্রিকস, মেসার্স এম বি বি ব্রিকস ও মেসার্স এম এইচ বি ব্রিকস।

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়া জেলা পুলিশের সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ অভিযানে অংশ নেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আইন অমান্য করে মাটি সংগ্রহ ও ইট উৎপাদন পরিবেশের জন্য গুরুতর হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।

Share With