রাজারহাট উপজেলায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৫ পরিবার, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ১২টি ঘরসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে হানিফ আলী ও তাঁর তিন পুত্রসহ পরশি এরশাদ আলীর মোট ৫টি পরিবারের ১২টি ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে জানা গেছে।

চর গতিয়াসাম গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, আজ সন্ধ্যা প্রায় ৭টার দিকে প্রথমে আগুনের ধোঁয়া দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কেউ বলতে না পারলেও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীকাল তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেবেন এবং সরকারি সহায়তার ব্যবস্থা করবেন।

Share With