কুড়িগ্রামে ধরলা সেতু থেকে লোহার নাট চুরি

কুড়িগ্রামে ধরলা সেতুর অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ থেকে লোহার নাট চুরির ঘটনা ঘটেছে। গত রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা সেতুর মূল স্প্যানের দুটি লোহার নাট খুলে নিয়ে যায়। এতে সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই সেতু দিয়ে কুড়িগ্রাম, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার হাজার হাজার যানবাহন প্রতিদিন চলাচল করে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে পথচারীরা সেতুর মূল কাঠামোর জয়েন্ট অংশে নাট না থাকার বিষয়টি লক্ষ্য করেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পথচারী আমিনুল ইসলাম, জলিল মিয়া, আসাদুলসহ অনেকেই বলেন, এ ধরনের চুরি শুধু সম্পদের ক্ষতিই নয়, জননিরাপত্তার জন্য বড় হুমকি। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, সেতুটির নাট চুরি হওয়ার বিষয়টি শুনেছি। এতে আতংকের কিছুই নেই। নাট দুটি লাগাতে বলা হয়েছে। এক-দুই দিন সময় লাগবে।

Share With