বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজারহাট বাজারের পাশে দেখা যায়, সকাল ৮টার আগেই টিসিবির কার্ডধারী শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন।
স্থানীয়রা জানান, বাজারে চাল, তেল, ছোলা ও চিনির দাম বেশি হওয়ায় স্বল্প আয়ের পরিবারের জন্য টিসিবির পণ্যই একমাত্র ভরসা। তবে রমজানে খেজুর থাকলে ইফতারি হিসেবে আরও সুবিধা হত।
লাইনে দাঁড়িয়ে থাকা ৭০ বছর বয়সী খোকা মামুদ বলেন, “রোজার মাসে খরচ বেশি, তাই কম দামে পণ্য নিতে বাধ্য হয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে।” অন্য একজন ৬২ বছর বয়সী নারী শাহের বানু অভিযোগ করেন, “ভোরে এসে লাইন ধরে টিসিবির পণ্য নিতে হয়, এতে আমাদের খুব কষ্ট হয়।”
চাকিরপশার ইউনিয়নের ডিলার মনু মিয়া বলেন, “ইউনিয়নে একজন মাত্র ডিলার থাকায় তিন দিন ভাগ করে পণ্য দেয়া হচ্ছে। রমজানে চাহিদা বেশি হওয়ায় চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।”
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলায় ২১,৩৮৬ জন টিসিবির একটিভেশন কার্ডধারী ভোক্তা রয়েছেন। ১৩ জন ডিলার এই পণ্য সরবরাহ করছেন। রমজানে চাপ বেশি হওয়ায় প্রতিটি ডিলারের লোকবল বৃদ্ধি করতে বলা হয়েছে। এছাড়া লাইনে বিশৃঙ্খলা হলে প্রয়োজন হলে পুলিশ বা গ্রাম পুলিশ সাহায্য করতে পারবেন।