গ্রামীণ নারীদের স্বাস্থ্য শিক্ষা এবং ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া ফারাজীপাড়া গ্রামে এ সেমিনারের আয়োজন করা হয়।‘আমরা নারী’, ‘সিওক হেলথকেয়ার’ এবং স্থানীয় বামনাছড়া ইসলামীয়া গ্রাম রক্ষক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনার স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
আয়োজকরা জানান, দুর্গম এলাকায় নারীদের ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ।
বামনাছড়া ইসলামীয়া গ্রাম রক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন। তিনি বলেন, বর্তমানে ক্যান্সার শুধু চিকিৎসা বিষয়ক সমস্যা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করালে অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। তাই কোনো উপসর্গ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন বামনাছড়া ইসলামীয়া গ্রাম রক্ষক সমিতির সভাপতি মো. নুরুজ্জামান সরকার এবং কোষাধ্যক্ষ ও প্রভাষক মিনহাজুল ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে ‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন, তাদের সংগঠন নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য ও অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ‘আমরা নারী’ ও ‘সিওক হেলথকেয়ার’ যৌথভাবে সারা দেশে ক্যান্সার সচেতনতা বাড়াতে কাজ করছে। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবাধিকার—এই পাঁচটি বিষয়কে সামনে রেখে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেমিনারে অংশগ্রহণকারী গ্রামীণ নারীদের ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ চিহ্নিতকরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও গ্রামীণ এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।
উল্লেখ্য, সহযোগী আয়োজক বামনাছড়া ইসলামীয়া গ্রাম রক্ষক সমিতি স্থানীয় এলাকায় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।