কুড়িগ্রামে অষ্টমী স্নান উপলক্ষে ব্রহ্মপুত্র তীরে পুলিশের নিরাপত্তা জোরদার

সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ব্রহ্মপুত্র নদের তীরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ।

আগামীকাল (২৬ মার্চ) অনুষ্ঠিতব্য অষ্টমী স্নানকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এরই অংশ হিসেবে বুধবার (২৫ মার্চ) রাতে অনুষ্ঠানস্থল পরিদর্শন ও পুলিশি ডিউটি তদারকি করেন কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

এসময় তিনি নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম, ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন এবং চিলমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, অষ্টমী স্নান উপলক্ষে আগত সকল ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার থাকবে।

Share With