কুড়িগ্রামে তেল নিতে আসা কৃষককে লাথি মারলেন পুলিশের ড্রাইভার

ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনে তিন কৃষককে লাথি মারার অভিযোগ উঠেছে রৌমারী থানার ড্রাইভার (কনস্টেবল) মো. গাফ্ফার আলীর বিরুদ্ধে। এ খবর ছড়িয়ে পড়লে কৃষক ও সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেষতক উত্তেজিত জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যান তিনি। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ওই ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল বিতরণ শুরু করেন মালিক। তেলের জন্য কৃষকরা দীর্ঘ লাইনে দাঁড়ান। এ সময় কোনোকিছু বুঝে উঠার আগেই পুলিশের ড্রাইভার গাফ্ফার তিন কৃষককে লাথি মারেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় অন্য কৃষকরা খেপে ওঠেন ও নুরুল আমিন নামে এক ব্যক্তি প্রতিবাদ করেন। তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গেও অশালীন আচরণ করেন ওই ড্রাইভার।

এক পর্যায়ে উত্তেজিত জনতা ধাওয়া করলে তিনি বাউন্ডারি ওয়াল টপকে পালিয়ে যান।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি, তবে খোঁজ নিচ্ছি।

Share With