গ্রামীণ মেলায় লাঠি খেলার নান্দনিক প্রদর্শনীতে মুগ্ধ কুড়িগ্রামের দর্শনার্থীরা

পহেলা বৈশাখকে কেন্দ্র করে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় বসেছে গ্রামীণ মেলা। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লাঠি খেলার, যা মেলার অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর থেকে শুরু হওয়া এই লাঠি খেলায় অংশ নেন স্থানীয় তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়রা। ঢোলের তালে তালে তারা লাঠির নানান কৌশল ও নান্দনিক প্রদর্শনী উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজন জুড়েই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সের মানুষের ভিড় লক্ষ্য করা যায়। শিশু থেকে শুরু করে প্রবীণ—সবাই মেতে ওঠেন বৈশাখী আনন্দে। গ্রামীণ ঐতিহ্যের এমন আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মোস্তফা বলেন, লাঠি খেলা আমাদের পুরনো ঐতিহ্য হলেও এখন তা খুব কম দেখা যায়। আজকের আয়োজন দেখে অনেক ভালো লেগেছে এবং নিয়মিত এমন আয়োজন হওয়া উচিত।

অন্যদিকে দর্শনার্থী আশা মনি জানান, তিনি এবারই প্রথম লাঠি খেলা দেখেছেন এবং এটি তার কাছে অত্যন্ত উপভোগ্য মনে হয়েছে। মেলায় ঘুরে বিভিন্ন পণ্যও কিনেছেন তিনি।

আয়োজক মুকুল মিয়া জানান, গ্রামীণ সংস্কৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Share With