কুড়িগ্রামে স্ত্রীকে আনতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকায় স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত রুবেল মিয়া একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুবেল মিয়া ও তার স্ত্রী জেসমিন বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে তিনি শ্বশুরবাড়িতে যান। অভিযোগ রয়েছে, সেখানে যাওয়ার পর জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ কয়েকজন মিলে রুবেলের হাত-পা বেঁধে তাকে মারধর করেন।

ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন। এ বিষয়ে শনিবার থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বাবা আব্দুল জলিল অভিযোগ করে বলেন, আমার ছেলেকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share With