কুড়িগ্রামে জাতীয় মহিলা সংস্থার জন্য আটতলা ভবন নির্মাণের আবেদন

নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে পিছিয়ে থাকা কুড়িগ্রাম জেলার নারীদের জন্য একটি মানসম্মত আটতলা ভবন নির্মাণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম-এর কনভেনার ড. আতিক মুজাহিদ। এ লক্ষ্যে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, সীমান্তবর্তী ও নদীভাঙনকবলিত কুড়িগ্রাম জেলা দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সীমাবদ্ধতা, দারিদ্র্য ও জলবায়ু দুর্যোগে জর্জরিত। ফলে জেলার নারী উন্নয়ন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে অগ্রসর হতে পারছে না। বর্তমান পরিস্থিতিতে একটি বহুতল ভবন নির্মাণ নারীদের টেকসই উন্নয়ন ও সেবাদানের জন্য অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলা জাতীয় মহিলা সংস্থার ভবন নির্মাণের পরিকল্পনা অনেক আগেই গৃহীত হলেও তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এমনকি ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সয়েল টেস্ট ও প্রাথমিক সার্ভেও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রস্তাবিত ভবনটি বাস্তবায়িত হলে জেলার নারী জনগোষ্ঠীর জন্য কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, সচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা ও সহায়তা প্রদানের মতো কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে আরও সুসংগঠিত ও দক্ষভাবে। একইসঙ্গে সরকারের নারী উন্নয়ন নীতিমালার বাস্তবায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

এদিকে ড. আতিক মুজাহিদ বলেন, “আলহামদুলিল্লাহ, আমার কাজ কুড়িগ্রামের মানুষের জন্য চেষ্টা করা। আমি কুড়িগ্রাম বিনির্মাণের এক ক্ষুদ্র কর্মী মাত্র। নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করতে চাই। সবার আগোত কুড়িগ্রাম।”

তিনি আটতলা ভবন নির্মাণের কার্যক্রম দ্রুত শুরু ও বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের সদয় হস্তক্ষেপ ও প্রয়োজনীয় নির্দেশনা কামনা করেছেন।

Share With