কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দুধকুমার নদের চরে কাদায় আটকে থাকা অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহটি ভারতীয় নাগরিকের বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের চর খোঁচাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার তিলাই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চর খোঁচাবাড়ি এলাকায় দুধকুমার নদের পানি কমে যাওয়ায় চরের কাদায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন ভারতীয় নারীর মরদেহ। উজানের ঢলে মরদেহটি ভারতের দিক থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, শুক্রবার দুপুরে স্থানীয়রা দুধকুমার নদের চরে মরদেহটি দেখতে পেয়ে খবর দেন। আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর পরনে কালো রঙের জামা-পায়জামা ছিল। নদীর পানি কমে যাওয়ায় মরদেহটি চরের কাদায় আটকে ছিল। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, তিলাই ইউনিয়ন ভারতের সীমান্তবর্তী এলাকা। দুধকুমার নদের ওই পাশে ভারতের আসাম রাজ্য। ধারণা করা হচ্ছে পানির স্রোতে মরদেহটি ভারত থেকে ভেসে এসেছে।
ওসি আজিম উদ্দিন বলেন, শনিবার (৪ জুলাই) মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য সেটি স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।