জাতীয় সংসদ, ১৬ জুলাই ২০২৬: কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জাতীয় সংসদে সুখবর মিলেছে। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, প্রয়োজনীয় কোচ ও ইঞ্জিন সংগ্রহ সম্পন্ন হলেই ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে নতুন আরও একটি আন্তঃনগর ট্রেন চালু করবে সরকার।
গতকাল ১৫ জুলাই বুধবার জাতীয় সংসদের অধিবেশনে কুড়িগ্রামের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ জেলার রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও নতুন ট্রেনের প্রয়োজনীয়তা নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
তার প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, রেলওয়ের সক্ষমতা বৃদ্ধির জন্য বর্তমানে ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। এর পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ (ইঞ্জিন) সংগ্রহের প্রক্রিয়াও চলমান রয়েছে। এই নতুন ২০০টি কোচ এবং ৩০টি ইঞ্জিন রেলবহরে যুক্ত হওয়ার পরপরই ঢাকা-কুড়িগ্রাম রুটে নতুন আন্তঃনগর ট্রেনটি চালু করা হবে।
সাংসদ আতিকুর রহমান মুজাহিদের এই সময়োপযোগী প্রশ্নে কুড়িগ্রাম-ঢাকা রুটে নতুন ট্রেনের ব্যাপারে সরকারের এই ইতিবাচক সাড়ায় কুড়িগ্রামের সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।
উল্লেখ্য, একই অধিবেশনে রেলমন্ত্রী জানান, যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে ঢাকা-সিলেট রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে এক জোড়া নতুন বিরতিহীন ট্রেন চালুর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া খুলনা-যশোর রুটের রেললাইন সংস্কার এবং জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর রেলপথে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে বলেও মন্ত্রী সংসদকে অবহিত করেন।