অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে কোনো গ্রাহকের অতিরিক্ত বিলের অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ বিষয়ে স্পষ্টীকরণ দেওয়া হয়।

বিদ্যুৎ বিভাগের ওই স্পষ্টীকরণে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

পোস্টে আরও বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত ইতোমধ্যে পাওয়া অভিযোগগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোর মাধ্যমে সমাধান করা হয়েছে। ফলে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছে বিভাগটি।

তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করা হয়েছে।

একই সঙ্গে কোনো প্রমাণক ছাড়া শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ স্পষ্টীকরণ দেওয়া হয়েছে।

Share With