জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের বীরত্বকে স্মরণ এবং শ্রদ্ধা জানাতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও উত্তেজনাকর প্রীতি ফুটবল ম্যাচ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ খেলায় ট্রাইবেকারে স্কুল সেকশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কলেজ সেকশন।
মাঠের লড়াইয়ে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। নির্ধারিত সময়ে দু’দলই সমান তালে লড়াই করায় ম্যাচ অমিমাংসিত থাকে। অবশেষে রোমাঞ্চকর ট্রাইবেকারে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জয় ছিনিয়ে নেয় কলেজ সেকশনের শিক্ষার্থীরা।

খেলা শেষে অনুষ্ঠিত হয় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম সুলতানা সালেহা।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ও অবদান আমাদের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তরুণ প্রজন্মের মাঝে তাদের এই দেশপ্রেম ও বীরত্বের গল্প ছড়িয়ে দিতেই এ প্রীতি ম্যাচের আয়োজন।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন। চমৎকার লড়াইয়ের জন্য পরাজিত স্কুল সেকশন এবং বিজয়ী কলেজ সেকশন—দুই দলকেই উপস্থিত সকলে শুভকামনা জানান।