পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশবাদী সংগঠন অরণ্যের উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।উৎসবের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৫০টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে চার শতাধিক ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ পরিবেশকে সবুজ করার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটি রক্ষা ও বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম মন্ডল বলেন, একটি গাছ কেটে ফেললে তার পরিবর্তে অন্তত তিনটি গাছ রোপণ করা প্রয়োজন। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব।
গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তারা জানায়, এ ধরনের কর্মসূচির মাধ্যমে গাছ ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে তাদের সচেতনতা বাড়ছে। পাশাপাশি বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যার প্রতিও তাদের আগ্রহ তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী নিখিল চন্দ্র বর্মন। বিশেষ অতিথি ছিলেন মধ্য কুমোরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুল’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আব্দুল কাদের, অরণ্যের উপদেষ্টা মো. নুর আমিন ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুস ছোবহান জুয়েলসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।