নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. মাহবুবুল (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নাগেশ্বরী পৌরসভার ঠুটাপাইকর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহবুবুল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলে করে গাঁজা নিয়ে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছেন। পরে নাগেশ্বরী থানার একটি দল ঠুটাপাইকর এলাকায় অবস্থান নেয়। মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহবুবুল মোটরসাইকেল ফেলে ঠুটাপাইকর ব্রিজসংলগ্ন খালে ঝাঁপ দেন। পরে খালের কচুরিপানার নিচে আত্মগোপনের চেষ্টা করেন তিনি।

পুলিশ ও স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচ থেকে তাকে আটক করে। পরে তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। নাগেশ্বরীকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share With